ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

তীরে ভেড়ানোর সময় ঘাটে ধাক্কা, নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু

তীরে ভেড়ানোর সময় ঘাটে ধাক্কা, নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু
×

প্রতীকি ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৬:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর মাজারে ওরসে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নম্বর চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাজেল বিবি প্রায় ৭০ থেকে ৮০ জনের সঙ্গে নৌকাযোগে বাহুবল থেকে খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর মাজারে ওরসে অংশ নিতে আসেন। নৌকাটি মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের কাছে পাকা ঘাটে ভেড়ানোর সময় তাজেল বিবি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় আরেকটি নৌকা তুলনামূলক জোরে পাকা ঘাটে ধাক্কা দিলে তাজেল বিবি ছিটকে ঘাটে পড়ে যান। পরে নৌকাটির সামনের অংশ আবার ঘাটে ধাক্কা দিলে তিনি নৌকা ও ঘাটের মাঝখানে পড়ে মাথা ও মুখে গুরুতর আঘাত পান।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাজেল বিবিকে মৃত ঘোষণা করেন।

মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ওরসে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নৌকা থেকে পড়ে ওই নারী আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×