সরকারি কাজে বাধা প্রদান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২০:০০
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি কাজে বাধা দিলে তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। আইনি প্রক্রিয়ায় প্রশাসন সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তা করে আসছে, সেখানে সরকারদলীয় কিংবা অন্য কোনো দলের নেতাকর্মীরা বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বিকেলে মাগুরায় জেলা পরিষদের আয়োজনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে বাদ্যযন্ত্র প্রদান করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে বর্তমান সরকার কঠোরভাবে দমন নীতি অনুসরণ করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ২৮৫ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
- বিষয় :
- সংস্কৃতিমন্ত্রী
- মাগুরা