হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত
ছবি: সমকাল
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২০:১৯
লালমনিরহাটের হাতীবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫০) ও সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮)।
আহতরা হলেন ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আজিমউদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম ও নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী হারুন জানান, শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকা থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হিরণ মটরসের শোরুমে ঢুকে যায়।
এতে অটোযাত্রী আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। আর জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও সহকারী চালক পালাতক রয়েছেন।
- বিষয় :
- লালমনিরহাট
- সড়ক দুর্ঘটনা-২০২৬