খালেদা জিয়া নির্যাতন ভোগ করেছেন, কিন্তু আপস করেননি: আমান
সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০০:৩৯
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীনভাবে আন্দোলন করেছিলেন। সে আন্দোলনের ফলশ্রুতিতে আমরা গণতন্ত্র পেয়েছিলাম। তিনি গ্রেপ্তার হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, কিন্তু আপস করেননি।’
শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘১/১১-এর সময় শেখ হাসিনা চলে গেলেন। তখন বেগম খালেদা জিয়াকে বিবিসি, ভয়েস অব আমেরিকা ও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন—নেত্রী, শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, আপনি যাবেন না? বেগম খালেদা জিয়া তখন উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র-ছেলেমেয়েরা—ড. মিলন, মোজাম্মেল, জয়নাল, জাফর, রিজন শেখরা রক্ত দিয়েছেন। তাদের রক্তের সঙ্গে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না।’
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রিপন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
- বিষয় :
- বিএনপি
- খালেদা জিয়া
- আমানউল্লাহ আমান