সাপ্তাহিক হাটে যাওয়ার সময় রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
প্রতীকী ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১১:৫৫
রাঙামাটির মানিকছড়ি এলাকায় সাপ্তাহিক হাটে যাওয়ার সময় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নানিয়ারচরের কৃষ্ণমা ছড়ার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা (৩৮) ও বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা রাণী চাকমা (৫২)।
আহতরা হলেন পিকআপের ড্রাইভার জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।
আহতদের মধ্যে সুমন চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ও আহতরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহর থেকে একটি পিকআপ কতুকছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার সময় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শোভা রাণী চাকমা (৫২) মারা যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ আহত রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, শহরের মানিকছড়ির আর্মি ক্যাম্পের সামনে একটি পিকআপ উল্টে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
- বিষয় :
- রাঙামাটি
- সড়ক দুর্ঘটনা-২০২৬