নেত্রকোনা
ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে মানববন্ধন। ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৬:০৪
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। এ সময় সড়কে অবস্থান নেওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং উব্দাখালী সেতুর ওপর এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন। পরে সড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ হয়ে কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এ ছাড়া সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করে জলাশয় ও পরিবেশ রক্ষার দাবিও রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পূর্ণাঙ্গ হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও সুস্থ পরিবেশ প্রয়োজন। কিন্তু জমি দখল, মাঠের সংকট ও বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা আমাদের দীর্ঘদিনের দাবি। বারবার দাবি জানিয়েও কার্যকর সমাধান না হওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা, উব্দাখালী নদীর পাড় দখলমুক্ত করা এবং পরিবেশ ও জলাশয় রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. সাইদুর রহমান, চেয়ারম্যান ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নাগরিকরা।
- বিষয় :
- শিক্ষার্থী
- মানবন্ধন
- নেত্রকোনা