ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য খাত গতিশীল করতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাত গতিশীল করতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
×

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৮:০০

স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট কাটাতে সরকার দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে বেলা ১১টার পর তিনি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি যাচাই করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতালে রোগীদের খাবারের মানও যাচাই করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেই হাসপাতালের খাবার খান। পরে বাথরুমসহ হাসপাতালের বিভিন্ন ছোটখাটো বিষয়ও পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে চিকিৎসক সংকট অনেকটাই কমবে এবং স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আগামীতে ১৫১ শয্যার হাসপাতালে নারীদের জন্য ২০টি পৃথক শয্যা এবং শিশুদের জন্য ১৫টি বিশেষায়িত শয্যা থাকবে। এ ছাড়া কিডনি রোগীদের জন্য পাঁচটি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। উন্নত যন্ত্রপাতির মাধ্যমে জেলা সদর হাসপাতালের মতো চিকিৎসাসেবা উপজেলা পর্যায়েও নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে লুটপাট করেছে। এ কারণে স্বাস্থ্য খাতের বেহাল দশা এখনও কাটেনি।’ এই পরিস্থিতির উত্তরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় রূপান্তরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×