ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী  

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী  
×

ছবি: বাসস

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৮:০৫

রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এ জন্য রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করতে হবে। 

রোববার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে মৎস্যচাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্ত্রী মিনু বলেন, বাংলাদেশ মৎস্য দিয়ে সব দিক দিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীতে এখন অষ্টম স্থান, কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। আগামীতে উৎপাদন আরও বাড়বে ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে, অনেকে এমএ পাস, বিএ পাস করছে। অনেকেই অনেক পেশায় যাবে। আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। আগামী দিনে এই জায়গা-জমির যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার, মিষ্টি পানি, বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরও বেশি হবে। পৃথিবীর এখনও ৭-৮টি দেশের যুদ্ধ হয় নদীর পানি নিয়ে।’

মন্ত্রী আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলোও মাছ চাষের উপযোগী করা হবে। মাছ চাষ করে রাজশাহীর চাষিরা সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আমি রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহ্বান জানাচ্ছি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। 

আরও পড়ুন

×