কালিয়াকৈরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৮:৩৪
গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামের রাজধানী পরিবহনের এক হেলপার নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ট্রাক স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় পুলিশ শাকিল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শাকিল হোসেন হলেন উপজেলার টান কালিয়াকৈর গ্রামের আলম মিয়ার ছেলে।
নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে রাজধানী পরিবহনের একটি বাসে হেলপারের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতের পৌনে তিনটার দিকে ট্রাক স্ট্যান্ড এলাকায় মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হয়। এ সময় ওই তিন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত ওই হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক দ্বন্দ্বে চার বন্ধুর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ওই বাস হেলপার ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় শাকিল হোসেন নামের একজনকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা এখনো অভিযোগ জমা দেননি।
- বিষয় :
- ছুরিকাঘাত মৃত্যু
- কালিয়াকৈর