গত ১৭ বছরের প্রতিটি হত্যার বিচার হবে: আইনমন্ত্রী
বরিশাল জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান
বরিশাল বুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৮:৪১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৯:৩০
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার করা হবে। গত ১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে। ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর করেন তিনি। পরে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। গেস্ট অব অনার ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
আইনমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ৬ মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।
তিনি বলেন, “জীবনানন্দ দাশের বরিশালে বেড়াতে এসে মনে হচ্ছে, কবি যেমন বলেছিলেন, ‘মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে।’ তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে।”
একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন প্রমুখ।
- বিষয় :
- আইনমন্ত্রী
- বিচার