তথ্য কমপ্লেক্সগুলোতে সিনেপ্লেক্স সুবিধা থাকবে: তথ্যমন্ত্রী
বরিশাল নগরীর কাশীপুর এলাকায় বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বরিশাল বুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৯:৪১
দেশে স্থাপিত তথ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক সিনেপ্লেক্স সুবিধা থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একসময় সারাদেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। এখন টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ, নির্মিত সিনেমাগুলো সিনেপ্লেক্সর জন্য উপযোগী নয়। রোববার বেলা ১১টায় নগরীর কাশীপুর এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হবে। সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হবে।
তিনি বলেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তথ্যপ্রযুক্তির যুগে জনগণের কাছে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং গণমাধ্যমের সাথে সরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। এই কমপ্লেক্সটি নির্মিত হলে বরিশাল বিভাগের তথ্য সেবা গতিশীল হবে, সাংবাদিকদের জন্য আধুনিক কর্মপরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান।
উল্লেখ্য, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাত তলা বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে।
- বিষয় :
- তথ্যপ্রযুক্তি
- তথ্য ও সম্প্রচারমন্ত্রী