বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন: গ্রেপ্তার ১০ আইনজীবী কারাগারে, ৫ নারীর জামিন
ফাইল ফটো
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৯:৫২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৯:৫৩
চট্টগ্রামে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আলোচনা থেকে গ্রেপ্তার ১৫ আইনজীবীর মধ্যে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ১০ পুরুষ আইনজীবীকে সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিকেল ৪টায় কড়া পুলিশ পাহারায় আসামিদের থানা থেকে আদালতে পাঠানো হয়।
জামিন পাওয়া পাঁচ নারী আইনজীবী হলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, নগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা, নগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু ও আয়েশা হেভেন।
পুলিশের দাবি, ১৫ আগস্ট সন্ধ্যায় ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের জন্য জড়ো হয়েছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
রোববার তাঁদের আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর এবং অপর ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেত্রী উম্মে হাবিবার বাসায় ১৫ আগস্ট পালনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়। পুরুষদের কারাগারে পাঠায়। নারী বিবেচনায় পাঁচজনকে জামিন দিয়েছেন।
- বিষয় :
- মৃত্যুবার্ষিকী
- আইনজীবী কারাগারে
- জামিন
- আদালত