বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
সেশনজট নিরসনে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন
সেশনজট নিরসনে চার দফা দাবিতে রোববার সকালে আমরণ অনশন শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ছবি: সমকাল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১১:০৯
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেশনজট নিরসনে চার দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। রোববার ২ নম্বর একাডেমিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বরের মধ্যে এবং দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আগামী মার্চ মাসের ৩০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার দাবি জানান তারা। এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ফল, প্রাপ্ত নম্বর বা মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য, প্রতিহিংসা বা নেতিবাচক প্রভাব ফেলা যাবে না মর্মে প্রশাসনকে লিখিত নিশ্চয়তা দিতে হবে।
বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ৩.১ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। এরপর দীর্ঘদিন পার হয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। অনশনরত শিক্ষার্থীরা জানান, মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অনার্স শেষ করতে বাড়তি সময় লাগা তাদের এবং তাদের পরিবারের ওপর প্রচণ্ড মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা যেখানে ৪.২ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে তারা ৩.২ সেমিস্টারের পরীক্ষাই দিতে পারেননি। বর্তমানে বিভাগের প্রতিটি ব্যাচই প্রায় সাত থেকে আট মাসের সেশনজটে পড়েছে।
সেশনজটের বিষয়টি স্বীকার করে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটসহ নানা প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে সব ব্যাচেই কিছু সেশনজট তৈরি হয়েছে। যেখানে পাঁচটি ল্যাব প্রয়োজন, সেখানে মাত্র দুটি ল্যাব পাওয়া গেছে। কয়েক দিন আগেই সব ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন হঠাৎ অনশনে বসল, তা তাঁর জানা নেই।
দীর্ঘ দশ মাসেও ফল প্রকাশ না হওয়া প্রসঙ্গে ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড. সিফাত রুমানা জানান, পরীক্ষা কমিটির চেয়ারম্যান হলেও একা সব কাজ করা সম্ভব নয়। অনেক শিক্ষক সময়মতো নম্বরপত্র জমা না দেওয়ায় ফল তৈরিতে বিলম্ব হয়েছে। তবে দ্রুতই এই ফল প্রকাশ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। ইতোমধ্যে ৩.১ সেমিস্টারের ফল প্রক্রিয়াজাত করা হয়েছে। বাকি সেমিস্টারগুলো আগামী ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জট কমাতে শিক্ষার্থীরা গত শুক্রবারে ও সরকারি ছুটির দিনেও ক্লাস করতে রাজি হয়েছে। দ্রুতই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে তিনি জানান।
- বিষয় :
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়