ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে সেই বৈছাআ নেতা মাহদি আটক

হবিগঞ্জে সেই বৈছাআ নেতা মাহদি আটক
×

ছবি: সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৯:৪১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ২১:০১

হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপরও মাহদি হাসানসহ তার সহযোগীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে।

এর আগে একই স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব হাসানকে আটক করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন অনুমতি দেয়নি। এরপরও তারা সেখানে জড়ো হলে মাহদিসহ তিনজনকে আটক করা হয়। 

উল্লেখ্য, এ বছরের ২ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, তখন ছাত্রনেতা মাহাদী হাসান জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

আরও পড়ুন

×