বিয়ের আসর থেকে নেতার মেয়েকে অপহরণের চেষ্টা ছাত্রলীগ নেতার!
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০৯:০৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৩০
পিরোজপুরে বিয়ের আসর থেকে আওয়ামী লীগ নেতার মেয়েকে তুলে নেবার চেষ্টা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে। এর পরপরই বিয়ে ভণ্ডুল হয়ে যায়। খপরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকালে তার বাড়িতে বিয়ের আকদের আয়োজন করা হয়। জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বরপক্ষ আত্মীয়-স্বজন নিয়ে তার বাড়িতে আসেন।
তিনি বলেন, আকদ শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েকে জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় এবং পিস্তল বের করে ভয় দেখায়। তখন উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা বাধা দিলে তার মেয়েকে অপহরণ করতে না পেরে বরপক্ষকে নানা হুমকি দেয়। একজনের নাম উল্লেখ করে তার সঙ্গে ছাড়া অন্য কারও সঙ্গে মেয়েকে বিয়ে দিলে বরকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনার পর বরপক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে তাদের বাড়িতে চলে যান। খবর পেয়ে পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে আমাদের অভয় দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল মুঠোফোনে বলেনন, মেয়েকে অপহরণের চেষ্টার ঘটনার বিষয়ে মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আমি থানার বাইরে থাকায় বিস্তারিত বলতে পারবো না। থানায় এসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ঘটনাস্থালেও আমি যাইনি। স্থানীয় রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমাকে জড়ানো হচ্ছে। তবে শুনেছি, ওই মেয়ের সঙ্গে ছাত্রলীগের এক নেতার প্রেমের সম্পর্ক রয়েছে। সে কারণে হয়তো ছাত্রলীগের কোন নেতা-কর্মী মেয়ের বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলেছে। তাছাড়া মেয়েকে অপহরণ করে নিয়ে আসার চেষ্টার অভিযোগও সত্য নয়।’
- বিষয় :
- পিরোজপুর
- আওয়ামী লীগ
- ছাত্রলীগ
- বিয়ের আসর
- কলেজছাত্রী
