ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিষ দিয়ে শতাধিক পাখি হত্যায় যুবককে ৫০০ টাকা জরিমানা

বিষ দিয়ে শতাধিক পাখি হত্যায় যুবককে ৫০০ টাকা জরিমানা
×

শতাধিক পাখি হত্যায় যুবককে ৫০০ টাকা জরিমানা করা হয়। ছবি: সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২০:৪৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি ঘাসের জমিতে ছড়িয়ে দেওয়া বিষটোপ খেয়ে দেশী প্রজাতির শতাধিক পাখি মারা গেছে। এ ঘটনায় জমির মালিককে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ৮টার দিকে উপজেলার দর্শনার মাদনা গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত রাজনকে (২৫) বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারনামায় সই নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের ভাষ্য, উত্তর পরাইন মাদনা গ্রামের রাজন তার ঘাসের জমিতে বিষমাখা ধান ছড়িয়ে দিয়েছিলেন। ওই টোপ খেয়ে শতাধিক পাখি মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দামুড়হুদা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামে অভিযান চালানো হয়।

দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পাখি হত্যার বিষয়ে সত্যতা পাওয়া যায়। রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের কথা স্বীকার করেন। পরে তাকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়। 

আরও পড়ুন

×