ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জ

এমপির গাড়িতে হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

এমপির গাড়িতে হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২২:৫৩

সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান। তিনি বলেন, গোলাম মুক্তাদীর মামলার এজাহারভুক্ত আসামি। একই মামলায় রোববার বিকেলে ধানগড়া এলাকা থেকে আলমগীর হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ধানগড়া বাজার এলাকায় টিটিসি স্থাপন নিয়ে মতবিনিময় সভা শেষে ফেরার সময় এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতেই চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

হামলার পর এমপি মো. আয়নুল হক জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ‘জামায়াত ও এনসিপির লোকজনের সঙ্গে আমাদের নিজ দলের লোকজন, যারা শুরু থেকেই বিভিন্নভাবে দলের ক্ষতি করে আসছেন, তারা গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত। কাউকে সরাসরি চিহ্নিত করা সম্ভব হয়েছে। আর যাদের চিহ্নিত করা সম্ভব হয়নি, সেগুলো অজ্ঞাত আসামি হিসেবে মামলায় অভিযুক্ত হয়েছে। পুলিশি তদন্তে মূল অপরাধীরা বের হয়ে আসবে।’

এদিকে মামলায় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতার গ্রেপ্তারের বিষয়টি ঘটনায় জড়িতদের পরিচয় নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। মামলার এজাহারে এনসিপি ও বিএনপির লোকজন থাকলেও জামায়াতের নেই। এমপির অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন জামায়াত ও এনসিপির নেতারা।

আরও পড়ুন

×