ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শাবিপ্রবির

প্রো-ভিসি রবিউল, কোষাধ্যক্ষের দায়িত্বে আতিকুলের ‘না’

প্রো-ভিসি রবিউল, কোষাধ্যক্ষের দায়িত্বে আতিকুলের ‘না’
×

জি এম রবিউল ইসলাম, শাহ মো. আতিকুল হক

 সিলেট ব্যুরো ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:৪১

| প্রিন্ট সংস্করণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলামকে করা হয়েছে নতুন উপ-উপাচার্য। তবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে দায়িত্ব পালনে অস্বীকৃতির কথা জানান, কোষাধ্যক্ষ পদে নতুন দায়িত্ব পাওয়া আতিকুল হক। এ ব্যাপারে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সারা মেলেনি।
জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১৩ ধারা অনুযায়ী অধ্যাপক জি এম রবিউল ইসলামকে উপ-উপাচার্য এবং ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুসারে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে স্বাভাবিক অবসর গ্রহণের সময়সীমা এসে পড়লে যেটি আগে ঘটবে, সেটিই প্রযোজ্য হবে। আইন অনুযায়ী উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্বও পালন করবেন নবনিযুক্ত এই দুই কর্মকর্তা।

আরও পড়ুন

×