ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
×

দুর্ঘটনায় উল্টে যাওয়া ডাম্প ট্রাক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ১৭:১৮

গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাম ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অপরজন নারী। তবে তাঁর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ (৩৬) বলেন, ‘শব্দ শুনে আমরা আইসা দেখি বাস নিচে পড়ে গেছে। আমরা টানাটানি কইরা আহতদের বের করছি। যাত্রী ছিল প্রায় ২৫-৩০ জন। প্রায় সবাই আহত হয়েছেন।’

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বৌলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। আর ডাম্প ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। আহত অন্তত ২০ জনকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের নিরাপত্তাকর্মী হাছিব ও এক নারী মারা যান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর থানার ওসি।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

×