এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২২:১১
সখীপুরে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা সহপাঠীর ব্লাড ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তুলে দেন। মঙ্গলবার সকালে এই খবর নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে ফোন করেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানকে। ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিয়ে ওই মায়ের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী তাৎক্ষণিক ফোন করে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলমকে ক্যান্সার আক্রান্ত নারীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আশরাফুল আলম। তিনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীকে ফোন করে কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম শিকদারের ক্যান্সার আক্রান্ত মায়ের খোঁজখবর নিয়েছেন এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে কিছু অর্থ সহায়তা দেওয়া হবে। ২২ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান পরিবারটির কাছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেবেন।
জানা গেছে, সখীপুর উপজেলার কলতান বিদ্যানিকেতন থেকে চলতি বছর এসএসসি উত্তীর্ণ ২৫ শিক্ষার্থী মিষ্টি খাওয়ার ২০ হাজার টাকা সহপাঠী নাঈমের মায়ের চিকিৎসার জন্য প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদলের হাতে তুলে দেন। এরপর প্রতিষ্ঠানটির অন্য শিক্ষক-শিক্ষার্থীরা মিলে আরও ২০ হাজার টাকা সংগ্রহ করেন। গত রোববার মোট ৪০ হাজার টাকা নাইমের ব্লাড ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য তাঁর দাদা আব্দুস ছাত্তার শিকদারের হাতে তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এমন খবর পাওয়ার পর শিক্ষার্থী নাইম শিকদার সমকালকে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি। একই সঙ্গে আমার সব সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ প্রধানমন্ত্রীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল।
শিক্ষার্থী নাইম শিকদারের ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগম সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস গ্রামের ঠকানিয়াপাড়া এলাকার কাতার প্রবাসী আবদুল লতিফ শিকদারের স্ত্রী। গত ৪ আগস্ট তাঁর ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ফোন করে শিক্ষার্থী নাঈমের ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। তাৎক্ষণিক কিছু সহায়তা এবং পরে এই সহায়তা অব্যাহত রাখার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমি আগামী শনিবার ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে যাব এবং কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।
- বিষয় :
- এসএসসি
- প্রধানমন্ত্রী
- টাঙ্গাইল