ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জনসভায় ছাত্রলীগের নাম নিয়ে বিতর্কে ইউএনও

জনসভায় ছাত্রলীগের নাম নিয়ে বিতর্কে ইউএনও
×

ছবি- ভিডিও থেকে নেওয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২২:৪১

হাওর এলাকার বহুল কাঙ্ক্ষিত জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাম উচ্চারণ করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। মঙ্গলবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ এলজিইডি আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।

জনসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এমপি কামরুলের বক্তব্যের পর সভাপতির বক্তব্য দিতে গিয়ে ইউএনও শিল্পী রানী মোদক উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নাম উল্লেখ করার এক পর্যায়ে ‘ছাত্রলীগ’ সম্বোধন করেন।

ইউএনও তাঁর বক্তব্যে বলেন, ‘এখানে উপস্থিত আছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ আর সঙ্গে আছেন আপনারা কৃষক ভাইরা সবাই এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।’

নিষিদ্ধ ছাত্রলীগের নাম নেওয়ার পাশাপাশি তিনি প্রতিটি ইউনিয়নে তিন একর খাসজমিতে খেলার মাঠ তৈরি-সংক্রান্ত নির্দেশনার কথা জানান এবং উড়াল সড়ক নির্মাণে জামালগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রকাশ্য জনসভায় প্রশাসনিক কর্মকর্তার মুখে নিষিদ্ধ সংগঠনের নাম আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হকসহ জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা।

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আবদুল হক বলেন, স্বৈরাচারের দোসররা এখনও দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বহাল তবিয়তে আছে। তাদের এখনও অপসারণ করা সম্ভব হয়নি, তবে দ্রুত সরাতে হবে। মন্ত্রী ও এমপির কাছে জোর দাবি— এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরও পড়ুন

×