ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

মাটিরাঙ্গায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
×

ছবি- সমকাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০১:৫৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ০২:১৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার গভীর রাতে উপজেলার সীমান্ত-সংলগ্ন দুর্গম এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় পিস্তল, গুলি ও একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বিজিবির ভাষ্য, উদ্ধার ক্রিস্টাল আইসের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

অভিযানে অংশ নেওয়া বিজিবি যামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল খালিদ ইবনে হোসেন দাবি করেন, এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে।

বিজিবি বলছে, গোপন খবরে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেলের পিছু নেন। প্রায় দুই-তিন কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে।

বিজিবির ভাষ্য, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশে একটি কালভার্টের নিচে মোটরসাইকেল ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

আরও পড়ুন

×