ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হত্যাকাণ্ডের জের

বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ২০, বাড়িতে ভাঙচুর ও লুটপাট

বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ২০, বাড়িতে ভাঙচুর ও লুটপাট
×

ছবি- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৩:৪৮

মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামে আধিপত্য বিস্তার ও আগের এক হত্যাকাণ্ডের জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং একই ইউনিয়ন বিএনপির নেতা আসাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ১৭ জুলাই প্রতিপক্ষের হামলায় সিরাজুল গ্রুপের সমর্থক অমিরুল মোল্লা নিহত হন।

গত সোমবার রাতে সিরাজুল ইসলাম সমর্থিত ইমদাদুল হোসেন লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদ গ্রুপের সমর্থকরা তাঁর ওপর হামলা চালিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে আকুল, হাসিব, রহমত, আলম, আমিরুল, মনিরুল, রাশেদ, সোহেল এবং ওয়াসিমকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ অলি মিয়া জানান, দুই পক্ষ গ্রামবাসীর সংঘর্ষের পর সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্বের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। তবে পূর্বে নিহত আমিরুল ইসলামকে উভয় পক্ষই নিজেদের সমর্থক বলে দাবি করছে।

 

আরও পড়ুন

×