কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ দেখলেন জেলা প্রশাসক
ছবি- সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৩:৫২
কুমিল্লার নাঙ্গলকোটে পরিদর্শনে গিয়ে একটি কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ পেয়েছেন জেলা প্রশাসক রোজী আকতার। পরে গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদে চলে যান তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর কমিউনিটি ক্লিনিকে এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলা পরিদর্শনের কর্মসূচি ছিল জেলা প্রশাসক রোজী আকতারের। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, পরে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা এবং উপজেলা মিলনায়তনে কর্মদক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
নির্ধারিত সময়ে জেলা প্রশাসক কমিউনিটি ক্লিনিকে পৌঁছালে দেখা যায় প্রধান ফটকে তালা ঝুলছে। অপেক্ষা না করে পরে তিনি গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদে চলে যান। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিব্রত।
স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, বালিয়াপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে রয়েছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নুরুল ইসলাম। তিনি নিয়মিত ক্লিনিকে উপস্থিত থাকেন না।
তবে অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, ‘আমি নিয়মিত ক্লিনিকে আসি। মঙ্গলবার ডিসি’র জন্য ফুল আনতে গিয়েছিলাম। এ কারণে একটু দেরি হয়েছে। এসে দেখি তিনি (ডিসি) চলে গেছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীনের ভাষ্য, বিষয়টি নিয়ে বিব্রত তিনি। এভাবে চলতে দেওয়া যায় না। তার বিরুদ্ধে শাস্তিমূলক বদলির ব্যবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে কমিউনিটি ক্লিনিকটি তালাবদ্ধ দেখে বিব্রত হন তারা। পরে তাৎক্ষণিক জেলা প্রশাসককে নিয়ে উপজেলা পরিষদে যান।
কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কমিউনিটি ক্লিনিক
- তালা
- জেলা প্রশাসক