পড়ন্ত বিকেলে তিতাস নদীতে নৌকা ভ্রমণ
মুরাদনগর-হোমনা সেতু এলাকায় তিতাস নদীতে নৌকায় ঘুরে বেড়ান লোকজন। গত ১১ আগস্ট বিকেলে তোলা ছবি সমকাল
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লার মুরাদনগর-হোমনা সেতুর ওপর পড়ন্ত বিকেলে ঢল নামে ভ্রমণপিপাসু মানুষের। বিশেষ করে, ছুটির দিনে ভিড় বহুগুণ বেড়ে যায়। মৃদু বাতাস, তিতাস নদীর ঢেউ আর অস্তগামী সূর্যের সৌন্দর্য উপভোগ করতে নদীর পারে ভিড় করেন ভ্রমণপিপাসুরা।
বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ-তরুণী, তাদের পরিবারের সদস্যরা নদীর পারে ও মুরাদনগর-হোমনা সেতুর ওপর বসে সময় কাটান। অনেকেই আবার তিতাস নদীর স্বচ্ছ পানিতে বন্ধুবান্ধব বা পরিবার-পরিজন নিয়ে ছোট ডিঙি নৌকায় ঘুরে বেড়ান। ভ্রমণপিপাসু মানুষের প্রাণচাঞ্চল্যে প্রতিদিন বিকেলে সৃষ্টি হয় এক অন্যরকম উৎসবের আমেজ।
গত ১১ আগস্ট বিকেলে গিয়ে দেখা যায়, মুরাদনগর উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা থেকে হাজারো দর্শনার্থী পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও শিক্ষার্থীদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণ ও বিকেলের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। কেউ নৌকায় ঘুরছেন, কেউ আবার তিতাসের স্বচ্ছ জলে গোধূলির অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, আবার অনেক তরুণ দলবেঁধে নৌকায় ভেসে মনের আনন্দে গান ধরছেন। কলেজ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর পুরো এলাকা।
এ সময় কথা হয় মুরাদনগর উপজেলা সদর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা রাজউকের চাকরিজীবী মীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, বর্ষার এই সময়টাতে তিতাস নদীতে পানি ভরপুর থাকে। নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। তাই পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছেন। তাঁর অভিযোগ, এখানে ঘণ্টা হিসেবে নৌকার ভাড়া বেশি নেওয়া হয়। অনেকের ইচ্ছে থাকলেও নৌকা দিয়ে ঘুরতে পারে না।
নৌকা ভাড়ার বিষয়ে মাঝিরা বলেন, আগের তুলনায় অনেক বেশি দামে নৌকা কিনতে হয়েছে। বর্ষার মৌসুমেই নৌকাটা এখানে ব্যবহার করতে পারেন। বর্ষা চলে গেলে নৌকা পড়ে থাকে। সে জন্য ভাড়া একটু বেশি না নিলে পোষায় না।
দশম শ্রেণির শিক্ষার্থী সাফি তার বন্ধুদের নিয়ে মুরাদনগর-হোমনা সেতু এলাকায় ঘুরতে আসে। সেতুর ওপর আড্ডা দেওয়ার সময় কথা হয় তাদের সঙ্গে। তারা জানায়, মুরাদনগরে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই। তাই প্রায় সময় বিকেলে বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসে। সেতুতে বসে আড্ডা দিয়ে বিকেলটা উপভোগ করে তারা। কখনও কখনও নৌকা দিয়ে ঘুরে বেড়ায়।
স্থানীয় বাসিন্দা ফাহাদ রহমান বলেন, সারাবছরই বিকেল বেলা তিতাস নদীর ওপর মুরাদনগর-হোমনা সেতুতে মানুষ ঘুরতে আসেন। তবে ছুটির দিনে মানুষের ভিড় অনেক বেশি থাকে। বিশেষ করে, বর্ষার সময় নদীতে নৌকা দিয়ে ঘোরার জন্য দূরদূরান্ত থেকে লোকজন আসেন।
- বিষয় :
- নৌকা বাইচ