ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘আমি কমিশনারের ভাগনে’ বলেই যুবকের এলোপাতাড়ি গুলি

গাড়ি পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডা

‘আমি কমিশনারের ভাগনে’ বলেই যুবকের এলোপাতাড়ি গুলি
×

ছবি-সংগৃহীত

 ফরিদপুর অফিস 

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:৪২ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১১:০০

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে প্রকাশ্যে প্রাইভেটকার থেকে এক যুবকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলির বিকট শব্দে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনার সময় তাঁর সঙ্গে এক তরুণী ছিলেন। গুলিবর্ষণের সময় ওই যুবক বলেন, ‘আমি কমিশনারের লোক।’ গালাগালের পর কয়েকটি গুলি করে গাড়ি চালিয়ে তারা গোপালগঞ্জের দিকে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনার ভুক্তভোগী টিপু খান (২১) ভাঙ্গা উপজেলা সদরের ইলিয়াস খানের ছেলে। 

পিস্তল দিয়ে গুলি ছোড়ার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ওপর দাঁড় করানো একটি প্রাইভেটকারে চালকের আসনে বসে আছেন এক যুবক। তাঁর পাশের আসনে বসে আছেন এক তরুণী। গাড়িটির আশপাশে কয়েকজন দাঁড়িয়ে আছেন। এ সময় উত্তেজিত অবস্থায় ওই যুবক গালাগাল করতে করতে জানালা দিয়ে মাথা বের করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। 

হাসান আমিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়কের ওপর রেখে চা খেতে নামেন এক যুবক ও তরুণী। স্থানীয়রা ওই যুবককে বলেন, ভাই, প্রাইভেটকারটি পার্ক করে রাখেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে অজ্ঞাত যুবক ‘আমি কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে গাড়ির ভেতরে গিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করেন এবং গালাগাল করতে করতে গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এর পর গাড়ি চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান। ধারণা করা হচ্ছে, তাদের বাড়ি গোপালগঞ্জে। 

ভুক্তভোগী যুবক টিপু খান বলেন, প্রাইভেটকারটি সড়কের ওপর এলোপাতাড়ি রাখায় আমি তাদের ভদ্রভাবে বলি, ভাই, গাড়িটি সুন্দর করে পার্ক করে রাখেন। এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয় এবং তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে গাড়িতে গিয়ে পিস্তল বের করে আমার পা লক্ষ্য করে গুলি করে। আমি তাৎক্ষণিকভাবে সরে যাই। ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। তিনি আমাকে বিশ্রী ভাষায় গালাগাল করেন এবং আমাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় গাড়ির নম্বর দেখতে পাইনি। এ বিষয়ে থানায় অভিযোগ করব।

জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×