ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কুমিল্লায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
×

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১১:২৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১১:৩৮

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন দাদী ও নাতনি। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী (১৫)।

পরিবারের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, জোসনা বেগম ও তার নাতনি চাঁদনী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে তারা কাটা পড়েন।

পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ফরেনসিক টিম মরদেহের পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেয়।

নিহতদের স্বজন জোহরা বেগম বলেন, জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদী-নাতনি। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পুলিশের মাধ্যমে তাদের মৃত্যুর খবর পান। পরে রেলস্টেশনে গিয়ে দুজনের মরদেহ দেখতে পান তিনি। জোহরা বেগম বলেন, ‘তারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল।’

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 

আরও পড়ুন

×