জীবননগর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন
ছবি- সমকাল
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১৮:০৪
চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৬টার দিকে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে জীবননগর শহরে পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে দাবি পুলিশের। আটকরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।
স্থানীয়রা জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ওই পাঁচজন জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, বেনীপুর সীমান্ত এলাকায় হাসিবুল ও আসমাউল নামে দুজনের নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তারা ওই ব্যক্তিদের সীমান্ত পারাপারে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিক কেউ আছেন কি না—জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।
৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, এ বিষয়ে তিনি এখনো অবগত নন। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
- বিষয় :
- পুশইন
- ভারতীয় নাগরিক
- বাংলাদেশি