লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার
গ্রেপ্তার নিশান
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৮:১৫
জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ‘ছোট নিশান’ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জের পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তল ও গুলিগুলো জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হয়েছিল।
র্যাব আরও জানায়, নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
- বিষয় :
- থানা
- অস্ত্র উদ্ধার
- গুলি
- গ্রেপ্তার