ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৩
×

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশা। ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৮:৫১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের মেয়েসহ আরও তিনজন।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার মঠখোলা কাগারচর গ্রামের নূরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৬)। আহত হয়েছেন- তাদের মেয়ে মারজিয়া খাতুন, মঠখোলা তালতলা গ্রামের যাত্রী মাহিম ও অটোচালক জাহাঙ্গীর।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ও এলাকাবাসী জানিয়েছেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ শহরে যাচ্ছিল। পথে সুখিয়া এলাকায় এগারসিন্দুর হিমাগারের কাছে পেছন থেকে একটি মাছবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে জমিতে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। 

নূরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মেয়ে আহত মারজিয়া, অপর যাত্রী মাহিম ও অটোচালক জাহাঙ্গীরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরা ও অন্যান্য উপায়ে সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×