ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হামলায় আহত ব্যবসায়ীর ২৬ দিন পর মৃত্যু

হামলায় আহত ব্যবসায়ীর ২৬ দিন পর মৃত্যু
×

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২০:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে হামলায় আহত ব্যবসায়ী আজিবুর রহমান ২৬ দিন চিকিৎসাধীন থেকে বুধবার ভোরে মারা গেছেন। গাজীপুরের জিরানীতে অবস্থিত ঢাকা কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিবর রহমান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মারফত আলী ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে ঠাকুরপাড়ায় বাড়িতে ফিরছিলেন আজিবুর রহমান। পথে চলন্ত অটোরিকশা থেকে তার ওপর হামলা চালান সুমন, সাগর ও শরিফ উদ্দিনসহ স্থানীয় কয়েক ব্যক্তি। তারা ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখেন।

পরে আজিবুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে আইসিউতে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় একাধিকবার অস্ত্রোপচার করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে চিকিৎসকরা আজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

হামলার ঘটনার পরপরই কালিয়াকৈর থানায় একটি মামলা হয়। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক। ফলে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আগেই একটি মামলা দায়ের করা হয়। আহত ব্যবসায়ীর মৃত্যুর পর এখন এর সঙ্গে হত্যা মামলার ধারা যুক্ত করা হবে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

×