টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছিল তেল, কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি: গুগল ম্যাপ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২১:০৮
ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানা অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া এটির মালিককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং নামের অবৈধ এ কারখানা ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় অবস্থিত। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াছ মাহমুদ জানান, সরকারি কোনো অনুমোদন ছাড়াই ধামরাইয়ের সুঙ্গর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানাটিতে গোপনে দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করা হতো। এতে টায়ারের কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ কারখানাটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা হবে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমানসহ র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
- বিষয় :
- অভিযান
- পরিবেশ অধিদপ্তর