ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণচেষ্টায় কারাবাস, জামিনে বেরিয়ে ফের একই অপকর্ম

ধর্ষণচেষ্টায় কারাবাস, জামিনে বেরিয়ে ফের একই অপকর্ম
×

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৭:০৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গতকাল বুধবার বিকেলে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্ত সুজন মিয়া নামের ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন।

সুজন মৌচাক ইউনিয়নের ভূলুয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিবাহিত এ যুবকের বিরুদ্ধে আগেও একাধিক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। এক শিশুর সঙ্গে একই ধরনের ঘটনায় দুমাস কারাবাসের পর কয়েক মাস আগে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বিকালে শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই যুবক খাবারের লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে সুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মৌচাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা দেওয়ান পাপ্পু বলেন, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও শিশুদের যৌন হয়রানির অভিযোগ আছে। আজও সে একই ঘটনা ঘটিয়েছে। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাত্রকে ‘ধর্ষণে’ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ নামের একজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। অভিযযুক্ত শিক্ষক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শান্তিনগর এলাকার বাসিন্দা।

ভিকটিম শিক্ষার্থীর বরাত দিয়ে তার অভিভাবকরা জানায়, গত মঙ্গলবার দুপুরে দোকানে যাওয়ার পথে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রের সঙ্গে ওই শিক্ষকের দেখা হয়। কথা বলার এক পর্যায়ে ছাত্রের বাসায় কেউ নেই শুনে শিক্ষক বলেন, তোমার বাসায় গিয়ে তোমাকে পড়াতে হবে। পরে ছাত্রের বাসায় গিয়ে তাকে তিনি ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলতে তিনি ছাত্রকে বিভিন্ন ভয় দেখান। পরে রাতে ছাত্রের মা বাসায় এলে সে তাঁকে বিষয়টি জানায়। এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদ্রসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার একজন শিক্ষককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×