রাজবাড়ী-ফরিদপুর রুটে দুদিন ধরে বাস বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
গোল্ডেন লাইন পরিবহনের বাস রাজবাড়ী দিয়ে চলাচলে বাধা দেওয়ার জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে দুদিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। গত মঙ্গলবার শুরু হওয়া এই অচলাবস্থা গতকাল বুধবারও কাটেনি। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী হাজারো যাত্রী। তাদের বাড়তি খরচ করে অটোরিকশায় ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে বাধা দেয় শ্রমিকরা। এর জেরে ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন রাজবাড়ীর একটি লোকাল বাস আটকে রাখেন। এ সময় শ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুপুর ১২টার পর থেকে রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া থেকেও ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রাজবাড়ীর অন্য রুটে বাস চলাচল করছে।
রাজবাড়ীর কলেজ শিক্ষক অপূর্ব বিশ্বাস জানান, বুধবার সকালে দাপ্তরিক কাজে ফরিদপুর যাচ্ছিলেন। রাজবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে জানতে পারেন, ফরিদপুরগামী বাস চলছে না। বেশি ভাড়া দিয়ে মাহেন্দ্র পরিবহনে ফরিদপুরে যান। সেখান থেকে ফিরতেও তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। ফরিদপুর থেকে রিকশায় রাজবাড়ী রাস্তার মোড়ে আসেন। পরে মাহেন্দ্র পরিবহনে উঠতে হয়েছে। এতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে।
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মৃধার ভাষ্য, প্রায় আড়াই বছর আগে রাজবাড়ী দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চালানো নিয়ে ঝামেলার শুরু। তখন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, রাজবাড়ী দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলবে। সে সিদ্ধান্ত উভয় পক্ষই মেনে নেয়। কিন্তু সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন পরিবহন সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ক্রমাগত ট্রিপ বাড়াতে থাকে। কোনো কোনোদিন তারা রাজবাড়ী দিয়ে ২৮টি পর্যন্ত ট্রিপ চালিয়েছে।
এ বিষয়ে গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য জানতে মোবাইল ফোনে ফরিদপুর কাউন্টারে যোগাযোগ করা হয়। সেখান থেকে ম্যানেজারের মোবাইল নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ওই নম্বরে কল দেওয়া হলেও ধরেননি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
- বিষয় :
- বাস বন্ধ