ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীকে মাটিচাপা, জিডি করতে যান স্বামী

স্ত্রীকে মাটিচাপা, জিডি করতে যান স্বামী
×

শরীফ মিয়া। ছবি- সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৮:৫৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ১০:৩০

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীর মাধবদী থানা পুলিশ হোসনে আরা বেগম (৩৯) নামে এক নারীকে হত্যার পর লাশ গুমের অভিযোগে তাঁর স্বামী শরীফ মিয়াকে আটক করেছে। গত বুধবার দুপুরে তিনি শ্বশুরকে নিয়ে থানায় স্ত্রী নিখোঁজের তথ্য জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তথ্যগত অমিল পেয়ে রাতেই কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর দুই দিন আগে তিনি স্ত্রীকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। 

গতকাল বৃহস্পতিবার দেশের নানা জায়গায় আরও সাতটি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যশোরে প্রকাশ্যে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। একই জেলার কোটচাঁদপুরে মিলেছে নিখোঁজ কৃষকের মরদেহ। রাজবাড়ীর পাংশায় নিখোঁজ হওয়ার এক দিন পর এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা।

 চড়ে জ্ঞান হারালে ফেলে রাখা হয় মেঝেতে
নরসিংদীর মাধবদীতে নিহত হোসনে আরা বেগম নোয়াকান্দা গ্রামের মো. রহমান মিয়ার মেয়ে। তাঁর স্বামী শরীফের বাড়ি ভগিরথপুরে। তিনি মাধবদী গরুরহাট এলাকায় চায়ের দোকানে কাজ করতেন। 
জিজ্ঞাসাবাদে শরীফ পুলিশকে জানান, গত সোমবার রাত ৮টার দিকে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। এক পর্যায়ে শরীফের থাপ্পড়ে হোসনে আরা টিউবওয়েলের ওপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরের মেঝেতে লুকিয়ে রাখেন। পরদিন রাত ১০টার পর বাড়ির পাশের একটি কবরস্থানে মরদেহ মাটিচাপা দেন শরীফ। তিনি সবাইকে জানান, স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। 
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেনের ভাষ্য, হোসনে আরাকে হত্যার দুই দিন পর 
থানায় এসে একটি জিডি করতে চান শরীফ মিয়া। এ সময় কথাবার্তা ও আচরণে সন্দেহ দেখা দিলে অভিযোগ দিতে বলেন। তাঁকে নজরে রাখা হয়। বুধবার রাতে এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে জেরা করলে শরীফ স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন। তিনি লাশ মাটিচাপা দেওয়া ও ঘটনার বর্ণনা দেন। গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

 নিখোঁজ নারীর লাশ বাগানে
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের এক দিন পর রাবেয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। রাবেয়া পাংশা পৌর শহরের নারায়ণপুর রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের বড় বোন রহিমা বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জালাল নামে একজনকে গ্রেপ্তার করেছে। 
স্বজনরা জানান, রাবেয়ার বিয়ে হয় পাশের কালুখালীতে। তাঁর দুই সন্তান আছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছরখানেক ধরে বাবার বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। লাশ উদ্ধারের পর তাঁর চোখসহ শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 
তবে পাংশা থানার ওসি (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বন্ধুর ছুরিকাঘাতে তরুণ নিহত
ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। কাউসারের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলায়। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে পড়তেন। এ ঘটনায় লিখন নামে তাঁর এক বন্ধুকে পুলিশ আটক করেছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান।

এদিন সকালে জেলার কোটচাঁদপুরে 
মফিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের 
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুশনা ইউনিয়নের হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের পুকুরে তাঁর লাশ 
পাওয়া যায়। কৃষক মফিজুল গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন।

প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
এদিকে যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল ৪টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আলামিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি 
মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মাসুম খান।

গৃহবধূকে পুড়িয়ে হত্যা, দুজন গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে আমবাগানে নিয়ে নৃশংসভাবে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কয়েকদিন আগে তাঁকে হত্যা করা হয়। 
গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার মড়লই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং মো. তারেক রহমান (২১)।

দুই শিশু হত্যা, অভিযুক্ত স্বজন
সুনামগঞ্জ সদরে জাকিয়া আক্তার নিহা (৭) নামে এক শিশুকে হত্যা করে সুরমা নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার সৎমা আম্বিয়া বেগমের বিরুদ্ধে। এ বিষয়ে শিশুটির বাবা তাজ উদ্দিনের এজাহার পেয়ে পুলিশ আম্বিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। 
এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে মসফিয়া আক্তার তাসফিয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার সৎবাবা সাফিউল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 
বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা করেছেন।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতা)

আরও পড়ুন

×