সাফারি পার্ক ঘুরে হাতি দুটি অবশেষে মালিকের জিম্মায়
গাজীপুর সাফারি পার্ক থেকে হাতি দুটি ট্রাকে করে নিয়ে যান মালিকরা সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
অবশেষে মালিকের জিম্মায়ই ফিরে গেছে ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের হাতি দুটি। একসময় মানুষের ভিড়ে দাঁড়িয়ে চাঁদা তোলাই ছিল হাতি দুটির নিত্যদিনের নিয়তি। তবে নানা ধরনের ঘটনাপঞ্জির বাতাবরণে কখনও কাউকে নির্যাতনের শিকার করা, বা কখনও মাহুতের জীবন কেড়ে নেওয়ার মতো বিষয়ে জড়িয়ে পড়েছিল তাদের নাম। অতঃপর নিরাপদ আশ্রয়ের আশায় গাজীপুর সাফারি পার্কে রাখা হয়েছিল সম্রাট ও নিহারকলিকে। প্রায় দুই বছর পার্কে থাকার পর সেই হাতি দুটিকেই আবার ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকদের কাছে। আর এ সিদ্ধান্তকে ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন প্রশ্ন– যে পরিবেশ থেকে তাদের উদ্ধার করা হয়েছিল, সেখানে ফেরার পর তারা কি সত্যিই নিরাপদ থাকবে? গত ১২ আগস্ট সাফারি পার্ক কর্তৃপক্ষ মালিকদের কাছে হাতি দুটি হস্তান্তর করে। উদ্ধারকৃত হাতি দুটিকে মালিকের কাছে ফেরত দেওয়ার বিষয়টি সামনে এসেছে সাফারি পার্কে গত ৬ ও ৭ আগস্ট পরপর দুটি হাতির মৃত্যুর পর।
সাফারি পার্ক সূত্র বলছে, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর ‘সম্রাট’কে উদ্ধার করে বন বিভাগ। পরে তাকে গাজীপুরের সাফারি পার্কে এনে রাখা হয়। এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে উদ্ধার করা হয় ‘নিহারকলি’কে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান সমকালকে বলেন, মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।
- বিষয় :
- হাতি