ভবনের ছাদে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:২২
| প্রিন্ট সংস্করণ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভবনের ছাদ থেকে নিখোঁজ শিশু আব্দুর রহমানের (৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাতে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুনুর রশিদের চারতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ থানার বাগবাড়ি এলাকার মো. শহীদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুনুর রশিদের বাড়ির নিচতলায় ভাড়া থাকত।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়িওয়ালার স্ত্রী রিনা বেগম ছাদে হাঁসকে খাবার দিতে যান। সেখানে একটি হাঁস ধরতে গিয়ে নেটের নিচে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক আলামত দেখে নিশ্চিত করেছে পুলিশ।
রিনা বেগম জানান, ছাদে হাঁসকে খাবার দেওয়ার সময় একটি হাঁস নেটের ওপর গিয়ে পড়ে। হাঁসটি ধরতে গিয়ে নেটের নিচে বস্তাটি দেখতে পান তিনি। কাছে গিয়ে শিশুটির মরদেহ দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ছাদে গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা শহীদ মিয়া আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক শেখ রাসেল জানান, শিশুটির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত শিশুর বাবা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- মৃতদেহ উদ্ধার