বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২১:০১
নেত্রকোনার আটপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন নাঈম নামে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মল্লিক নগর গ্রামের আল আমিনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আল মামুন নাঈম বাড়িতে থাকায় অবসর সময়ে গরুর দেখভাল করতেন। শুক্রবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই গরুর জন্য বাড়ির সামনে বিল থেকে নৌকায় করে ঘাস কাটতে যান। সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দীর্ঘসময় পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের মধ্যে নাঈমকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান।
প্রতিবেশী কোরায়শী তালুকদার বলেন, শুক্রবার সকালে নৌকা নিয়ে বাড়ির সামনে বিল থেকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন নাঈম। দীর্ঘসময় পরও বাড়িতে না ফেরায় তার বাবা খুঁজতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- বজ্রপাত
- শিক্ষার্থী
- মৃত্যু