গোলটেবিল বৈঠকে বক্তারা
রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজন কৌশলগত পরিকল্পনা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২১:০৫
মিয়ানমারে চলমান সংঘাত, রাখাইন রাজ্যের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা, রোহিঙ্গাদের পরিচয় ও নাগরিকত্বের প্রশ্ন এবং দীর্ঘদিন ধরে চলা শরণার্থী সংকটের প্রেক্ষাপটে ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কতদূর?’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে বে ইনসাইট ও এমবোলডেন বাংলাদেশ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। এতে মুখ্য আলোচক ছিলেন শরণার্থী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, জাতিসংঘ, উন্নয়ন সংস্থা, সিভিল সোসাইটি, স্থানীয় জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন হলেও শুধু ঘোষণা বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা, এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মর্যাদার নিশ্চয়তা।
শরণার্থী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, প্রত্যাবাসনই সবচেয়ে ভালো সমাধান। তবে রাখাইনের বর্তমান নিয়ন্ত্রণ কাঠামো এবং মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে।
রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা, জমি-বাড়ির অধিকার, সামাজিক সুরক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ইউএনএইচসিআরের কক্সবাজার সাব-অফিসের প্রধান মার্সেল কলুন বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু কীভাবে সেই প্রত্যাবাসন বাস্তবায়ন হবে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এখনও নেই। মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ হওয়াকে প্রত্যাবাসনের প্রথম শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এরপর রোহিঙ্গাদের নিরাপত্তা, নিজ ভূমিতে ফেরার সুযোগ, জমি-বাড়ির অধিকার এবং নাগরিকত্ব বা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, রোহিঙ্গা সংকটের মতো দীর্ঘস্থায়ী বিষয়ে প্রশাসন, গবেষক, রোহিঙ্গা প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বিত আলোচনা প্রয়োজন। আলোচনার মাধ্যমেই সুস্পষ্ট সুপারিশ তৈরি করে নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, ব্র্যাকের উপদেষ্টা সুব্রত চক্রবর্তী, স্থানীয় জনপ্রতিনিধি হেলাল উদ্দিন, উন্নয়নকর্মী ফারিহা হোসাইন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় বেশকিছু সুপারিশ তুলে ধরেন বক্তারা।
- বিষয় :
- গোলটেবিল আলোচনা
- কক্সবাজার
- রোহিঙ্গা