ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে কামড়ে পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশকে কামড়ে পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
×

ম্যাপ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২৩:৪৭

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর মাদক ব্যবসায়ী মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়েছিল।

রাতে রাজু মিয়ার সঙ্গে তাঁর বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়। তারা উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবা বড়িসহ আটক করে। আটকের পর তাঁর সঙ্গে থাকা ইয়াবা জব্দ করে হাতে হাতকড়া পরিয়ে ফাঁড়ির উদ্দেশে রওনা হয়। এ সময় রাজু মিয়ার পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাঁকে ছিনিয়ে  নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু মিয়া।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে রাজু মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে তাঁর ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×