ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে অটোভ্যানের চালক-যাত্রীকে চাপা দিল বাস

নাটোরে অটোভ্যানের চালক-যাত্রীকে চাপা দিল বাস
×

ছবি: সমকাল

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৪:৫২ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১৬:০৮

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ও ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোভ্যান চালক সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন (২৩) ও ভ্যান যাত্রী বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক ও যাত্রী ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। পরে বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর শিশির পরিবহনের চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়। বাস চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন

×