কলকাতায় হোটেলে আগুন
কফিনবন্দী হয়ে দেশে ফিরল সাজুর মরদেহ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে সাজুর মরদেহ হস্তান্তর করে। ছবি: সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১৬:০৩
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে মো. আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। শনিবার দুপুরে ভারতের ভোমরা সীমান্ত দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।
শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে সাজুর মরদেহ হস্তান্তর করে। পরে তার ভাই নুরুন্নবী মরদেহ গ্রহণ করেন।
সাজুর মরদেহ দেশে ফেরার খবরে সকাল থেকেই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রাবেয়া গ্রামের বাড়িতে অপেক্ষায় ছিলেন স্বজনেরা। বাড়ির পাশে কবরও প্রস্তুত করা হয়।
সাজুর বড় ভাই সাহেব সরদার বলেন, জোহরের নামাজের পর দাফনের কথা থাকলেও মরদেহ পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে সাজুকে দাফন করা হবে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সজীব বালা বলেন, দুপুরে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ সাজুর মরদেহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তার ভাই নুরুন্নবী মরদেহ গ্রহণ করেন।
গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আসছে আর সাজুর মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরেছে।
- বিষয় :
- ভারত
- কলকাতা
- অগ্নিকাণ্ডে মৃত্যু
- মরদেহ হস্তান্তর