ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা
×

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৬:৩৯

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। শনিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

দুপুর ১টার পর স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

এসময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন

×