ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যৌতুক দাবি

উচ্চ শব্দে গান ছেড়ে গৃহবধূকে প্লায়ার্স দিয়ে আঘাত, গরম কাস্তের ছ্যাঁকা

উচ্চ শব্দে গান ছেড়ে গৃহবধূকে প্লায়ার্স দিয়ে আঘাত, গরম কাস্তের ছ্যাঁকা
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৭:৫৭

জয়পুরহাটের কালাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মাছুদা বেগম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

গ্রেপ্তার মেহেদী হাসান কালাই উপজেলার হারুঞ্জা শাহাপাড়া গ্রামের মৃত আবদুস সামাদ প্রামানিকের ছেলে। অন্যদিকে মাছুদার বাড়ি পাশের ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামে। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১২ বছর বয়সী একটি মেয়ে আছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ওসি তদন্ত দিপেন্দ্র নাথ সিংহ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মেহেদী হাসান তার স্ত্রী মাছুদা বেগমের কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

মামলার এজাহারে বলা হয়, ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স দিয়ে তার মুখে আঘাত করলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়। একপর্যায়ে মাছুদা অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

মামলার বাদী বছির মন্ডল বলেন, আমার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি বোন হত্যার বিচার চাই। 

কালাই থানার ওসি তদন্ত দিপেন্দ্র নাথ সিংহ বলেন, নির্যাতনের শিকার ওই নারী শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করেছেন। রাতেই অভিযুক্ত মেহেদী হাসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×