ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিকাশে ‘টাকা চাওয়ার’ অডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

বিকাশে ‘টাকা চাওয়ার’ অডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ
×

ফাইল ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৫:২৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক মাধ্যমে বিকাশ নম্বরে টাকা চাওয়ার অভিযোগে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে তাঁকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও ক্লিপে ওই বিএনপি নেতাকে এক কর্মীর কাছে টাকা চাইতে শোনা যায়। কথোপকথনে ওই কর্মীর উদ্দেশে বলেন, ‘শুনছ, কই আছ? বিকাশে কয়ডা টাকা দিও।’ প্রতি উত্তরে কর্মী জানতে চান, এটি তাঁর বিকাশ নম্বর কিনা। নম্বর নিশ্চিত করে নেতা বলেন, ‘পরে তাকে বলে দিও কিন্তু।’ ওই কর্মী পরদিন টাকা দেওয়ার আশ্বাস দেন। অডিওটি ভাইরাল হওয়ার পর জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়।

জেলা বিএনপির কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমে অডিওটি ভাইরাল হওয়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করার উপক্রম করেছে। এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না– তা চিঠির তথ্য-উপাত্তসহ জেলা বিএনপির কাছে ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন বলেন, ‘আপেল ফিরোজ আগে ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব। কেন বা কী কারণে তিনি কর্মীর সঙ্গে এমন কথা বলেছেন, তা তাঁর নিজস্ব বিষয়। তবে পদে থেকে রাজনৈতিক ও দলীয় শিষ্টাচার বজায় রাখাটাই সবার কাছে কাম্য।’

তবে অভিযোগটি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন, ‘অডিওর লোকটি আমার ছোট ভাই ও দলীয় কর্মী। তার সঙ্গে স্রেফ মজা করছিলাম। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায় তিন বছর আগের একটি পুরোনো অডিও বের করে কাসুন্দি ঘাঁটছে। আমি দলের প্রতি অনুগত এবং দলীয় আদর্শের বাইরে নই। নির্দিষ্ট সময়ের মধ্যেই নোটিশের যথাযথ জবাব দেব।’

আরও পড়ুন

×