ইউএনওর নির্দেশের পরও চলছে সেই নগর মাতৃসদন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:০৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ঘটনার চার দিন পরও নগর স্বাস্থ্য কেন্দ্র, পৌরসভার দায়িত্বশীল কোনো ব্যক্তি ওই পরিবারের খোঁজ নেননি। মানববন্ধনে অভিযোগ করা হয়, পৌর প্রশাসক কেন্দ্রটি বন্ধের নির্দেশ দিলেও এটির কার্যক্রম চলমান রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন, নিহত শ্রাবণী খাতুনের বাবা মতিয়ার রহমান, মা শিমা বেগম, প্রতিবেশী ঝুমা বেগম, আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সরকার। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সভাপতি মাজহারুল আলম মিলন প্রমুখ।
প্রসূতির মা শিমা বেগম মানববন্ধনে বলেন, বাড়ির কাছাকাছি হওয়ায় আমিসহ শ্রাবণী হেঁটে গত মঙ্গলবার নগর মাতৃসদনে যাই। সেখানে চেক-আপ করার পর চিকিৎসক দ্রুত সিজার করার কথা বলেন এবং আমার স্বামীকে ওষুধ কেনার জন্য পাঠান। অপারেশন থিয়েটারে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা আমাদের অপেক্ষা করানো হয়। এরপর আমাদের না জানিয়ে অ্যাম্বুলেন্স ডেকে শ্রাবণীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনায় কতর্ব্যরত চিকিৎসক আহ্সানুল আবেদীন মামুন ও কর্মকর্তাদের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্রটি ঘেরাও করে জড়িতদের শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও ইউএনও মাহমুদুল হাসান গিয়ে নগর মাতৃসদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
জানতে চাইলে নগর মাতৃসদনের কর্তব্যরত চিকিৎসক ও ক্লিনিক ম্যানেজার আহ্সানুল আবেদীন মামুন চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধে একাধিকবার মৌখিক নির্দেশ দিলেও কার্যক্রম পরিচালনা করছে।
পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও ইউএনও মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে মাতৃসদন কেন্দ্রে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ রয়েছে।
- বিষয় :
- মাতৃত্ব