কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের দা’র কোপে ভাই নিহত
সাপমারি মাঠ। ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি ও কোটচাঁদপুর( ঝিনাইদহ )সংবাদদাতা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১০:৪০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১২:৪১
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দা’র কোপে তবিবার রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের সাপমারি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তবিবার ওই গ্রামের নবীছদ্দিন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের ভাই জিয়ার রহমান জানান, রোববার সকালে তবিবার পারিবারিক বিষয় নিয়ে তার চাচি অর্থাৎ গফুর হোসেনের স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা গফুর হোসেন এবং চাচাতো ভাই শাকিল হোসেন ও উজির হোসেন তাকে লাঠি ও দা নিয়ে ধাওয়া করেন। তবিবার দৌড়ে সাপমারি মাঠে চলে গেলে সেখানে তাকে ধরে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে গফুর হোসেন হাতে থাকা দা দিয়ে তার পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রতিবেশী শিমুল হোসেন জানান, তবিবার একসময় ভালো ছাত্র ছিলেন। খেলাধুলাসহ বিভিন্ন কাজেও পারদর্শী ছিলেন। বিয়ের পর স্ত্রী চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায় ২০ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
তবে নিহতের আরেক স্বজন আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পর জিয়ার রহমান আগের বিরোধের কারণে গফুর হোসেনকে হত্যার জন্য দায়ী করছেন। প্রকৃতপক্ষে গফুরের ছেলে শাকিল হোসেন তবিবারকে হত্যা করেছেন। সকালে পরিবারের এক নারী সদস্যকে লাঠি দিয়ে আঘাত করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তবিবারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার পর গফুর হোসেন, শাকিল হোসেন ও উজির হোসেন বাড়ি থেকে পালিয়ে গেছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তবিবার নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, ঘটনায় অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে। এখনো এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- জমি নিয়ে বিরোধ
- নিহত
- ঝিনাইদহ