আট দিনে তিন কৃষকের ১০ গরু চুরি
ছবি: সংগৃহীত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১১:৫৮
সিরাজগঞ্জের তাড়াশে আট দিনের ব্যবধানে তিন কৃষকের ১০টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামে দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে গরু চুরি আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সিংগাড়পাড়া গ্রামের কৃষক মো. বিপ্লব হোসেন ও তার চাচা মো. সজল হোসেনের বাড়িতে চোরের দল হানা দেয়। গোয়ালঘরের তালা ভেঙে বিপ্লব হোসেনের চারটি এবং সজল হোসেনের একটি গরু নিয়ে যায় তারা। সকালে ঘুম থেকে উঠে গরুকে খাবার দিতে গিয়ে গোয়ালঘরের তালা ভাঙা এবং গরু না থাকার বিষয়টি দেখতে পান দুই কৃষক। পরে তারা পুলিশকে জানান।
কৃষক সজল হোসেন বলেন, চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, দুই কৃষকের পাঁচটি গরু চুরির খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিটি চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এর আগে গত ১৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি হয়। এর ফলে আট দিনের ব্যবধানে উপজেলার তিন কৃষকের ১০টি গরু চুরি হলো।
অনেক কৃষক এখন চোরের হাত থেকে গরু রক্ষায় রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন।