নোয়াখালীতে মুখোশধারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ
প্রতীকী ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৩:১৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজন হলেন বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।
স্থানীয় বাসিন্দারা জানান, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন মুখোশধারী তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করেন। মোটরসাইকেলটি থামাতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাংলা বাজার এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরে গুলি সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।