রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সেনা সদস্যের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৪:২২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৪:২৭
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঈশ্বরদীর পাকশী সেনা ব্যারাকের কোয়ার্টার ভবনের একটি কক্ষ থেকে সজীব মোল্লা (২৭) নামে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল এলাকার মজিদ মোল্লার ছেলে। প্রায় নয় বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কর্মস্থলের দায়িত্ব শেষ করে সজীব নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। পরে সহকর্মীরা তার কোনো সাড়া না পেয়ে দরজায় নক করেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত সেনা সদস্যের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঈশ্বরদী থানা পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সজীব আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।